মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে এক সপ্তাহের ব্যবধানে আবারও পানিতে তলিয়ে গেছে দীঘিনালা উপজেলার মেরুং এবং কবাখালি ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি মাঠসহ নিচু এলাকা।
বৃষ্টি আর পাহাড়ি ঢলে শনিবার (২৯ আগস্ট) সকালে দীঘিনালা উপজেলার বড় মেরুং স্টিল ব্রিজসংলগ্ন নিচু এলাকায় সড়ক পানিতে ডুবে যায়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লংগদু উপজেলায় যাতায়াত করা মানুষজন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে কয়েক ঘণ্টা টানা ভারী বৃষ্টিপাতের পর পাহাড়ি ঢলে দীঘিনালা উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করে। শনিবার সকালে লংগদু সড়কের মেরুং এলাকার স্টিল ব্রিজসংলগ্ন অংশ পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও সড়কের ওপর ৩ থেকে ৪ ফুট পর্যন্ত পানি জমেছে। ফলে মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে আকস্মিক পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। এতে আউশ ও আমন ধানসহ বিভিন্ন জাতের সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। পানি দ্রুত না নামলে জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সুপন চাকমা বলেন, সকালে মাঈনী যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম। বড় মেরুং স্টিল ব্রিজের কাছে এসে দেখি সড়ক পানিতে তলিয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন নৌকায় করে পারাপার হওয়া ছাড়া উপায় নেই।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে এ সড়কের নিচু অংশ বারবার পানিতে তলিয়ে যায়। এতে লংগদু ও দীঘিনালার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প ব্যবস্থায় যাতায়াত করতে গিয়ে সময় ও খরচ দুটোই বেড়ে যায়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ জানান, শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে পাহাড়ি ঢলে লংগদু সড়কের বড় মেরুং স্টিল ব্রিজ এলাকায় সড়কের ওপর প্রায় ৩ থেকে ৪ ফুট পানি উঠেছে।
তিনি আরও জানান, দীঘিনালা সাজেক সড়কের কবাখালী স্টেডিয়ামসংলগ্ন এলাকাতেও সড়কের ওপর প্রায় ১ থেকে ২ ফুট পানি জমেছে। তবে শনিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। নতুন করে বৃষ্টিপাত না হলে কয়েক ঘণ্টার মধ্যে পানি নেমে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে বারবার সড়ক তলিয়ে যাওয়ার স্থায়ী সমাধানে পানি নিষ্কাশনব্যবস্থা এবং বড় মেরং স্টিল ব্রিজ এলাকার মাত্র কয়েকশ মিটার সড়কের নিচু অংশের প্রয়োজনীয় সংস্কার করা জরুরি।
মোহাম্মদ শাহজাহান/আরকে
