জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার ঘোষণার পর এবার একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
তবে জেলা প্রশাসন বলছে, এনসিপি ঘরোয়া অনুষ্ঠানের জন্য অনুমতি চাইলেও রাজনৈতিক সমাবেশ করার কথা জানায়নি। তাই শিল্পকলা একাডেমি মিলনায়তনে কোনো পক্ষকেই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্ময় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে গতকাল শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে। হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করারও ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এ অবস্থায় শনিবার বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠান স্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক জানান, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মিথ্যাচার করায় হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু সেটি না করায় আজকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যারা ইসলামকে ভালোবাসেন, তাদেরকে অনুষ্ঠান সফল করার জন্য শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমায়েত হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, আমরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজনৈতিক অনুষ্ঠান করার জন্যই জেলা প্রশাসককে বলেছিলাম। ঘরোয়াভাবে কি রাজনৈতিক অনুষ্ঠান হয় না? আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আমাদের অনুষ্ঠান হবে।
তবে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। সেজন্য আমরা অনুমতি ওইভাবে দিতে পারি না। কারণ শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। আর কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচির বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্যবহার করা যাবে না, কারণ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি।
জুয়েল রহমান/আরকে
