বিজ্ঞাপন

রংপুরে ‘রিকশা ছিনিয়ে নিতে’ চালককে গলা কেটে হত্যা

রংপুরে ‘রিকশা ছিনিয়ে নিতে’ চালককে গলা কেটে হত্যা

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত এক রিকশাচালকের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম মোখলেছুর রহমান (৫৫), তিনি ওই উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রিকশা ছিনিয়ে নিতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে এলাকার বট গাছের নিচে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

ওসি আব্দুস সবুর জানান, মোখলেছুর রহমান শুক্রবার বিকেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। সংঘবদ্ধ দুর্বৃত্তরা রিকশাটি ছিনিয়ে নিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে তাকে হত্যা করে রিকশা নিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

বিজ্ঞাপন