বিজ্ঞাপন

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে নিজ জেলায় সংবর্ধনা

বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে নিজ জেলায় সংবর্ধনা

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী পটুয়াখালীর বাউফলের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তার হাতে সম্মাননা হিসেবে নগদ ৫০ হাজার টাকা উপহার তুলে দেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের বাউফলে আল্লাহ তায়ালা যে কোরআনের নেয়ামত দান করেছেন, তার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে। পবিত্র কোরআনের উছিলায় আন্তর্জাতিক বিশ্বে বাউফলকে তুলে ধরার যে সুযোগ আল্লাহ তায়ালা দিয়েছেন, এটি তার পক্ষ থেকে বড় নেয়ামত। এই ধারাবাহিকতা ধরে রাখতে ভবিষ্যতে যা কিছু করার প্রয়োজন, আমরা তা করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের বাউফলকে এভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার ধারা অব্যাহত থাকবে। শুধু পটুয়াখালী, বরিশাল কিংবা বাংলাদেশ নয়, আন্তর্জাতিকভাবেও একদিন বাউফলকে সবাই চিনবে। আল্লাহ তায়ালা ইতোমধ্যে আমাদের কবুল করেছেন। এ জন্য জাকারিয়া, তার পরিবার এবং সম্মানিত শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবর্ধনার জবাবে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, কোরআনের ভালোবাসা থেকে এসেছেন। আল্লাহতায়ালা কোরআনের প্রতি আপনাদের ভালোবাসাকে কবুল করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন— আল্লাহ তায়ালা যেন আমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন।

উল্লেখ্য, বিশ্বজয়ী হাফেজ নূর উদ্দিন জাকারিয়ার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে। তার বাবা মাওলানা নুরুল আমিন এবং মা ইয়ানুর বেগম।

সংবর্ধনা অনুষ্ঠানে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামসহ উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোহাইব মাকসুদ নুরনবী/আরএআর