বিজ্ঞাপন

ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে স্বজনদের সন্দেহ

ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে স্বজনদের সন্দেহ

চুয়াডাঙ্গা পৌরসভার রেলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে জাহানারা (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

নিহত জাহানারা চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার মো. জামাল শেখের স্ত্রী।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার রেলপাড়া এলাকায় মো. তৌফিকুল ইসলাম জোয়ার্দারের ভাড়া বাসায় স্বামীকে নিয়ে প্রায় আট মাস ধরে বসবাস করছিলেন জাহানারা। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় তিনি নিজ বসতঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতের স্বামী জামাল শেখের ভাষ্যমতে, জাহানারা দীর্ঘদিন ধরে পিত্তথলি, লিভার ও পাকস্থলীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এ পর্যন্ত তার শরীরে মোট পাঁচবার অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানান জামাল শেখ।

এদিকে পুলিশ জানিয়েছে, জাহানারা বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি পুত্রবধূর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এসব বিষয় মিলিয়ে তার মৃত্যুর ঘটনায় নিহতের ভাইদের সন্দেহ রয়েছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার নবাগত পরিদর্শক (ওসি) মারুফ রহমান ঢাকা পোস্টকে বলেন, তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন। এ ছাড়া পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য চলছিল। নিহতের ভাইদের মৃত্যু নিয়ে সন্দেহ করায় ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আফজালুল হক/এএমকে

বিজ্ঞাপন