বিজ্ঞাপন

জুতাপেটার অভিযোগে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, শিক্ষক গ্রেপ্তার

জুতাপেটার অভিযোগে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, শিক্ষক গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ ওঠার পর ছুরিকাঘাতে আহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা হারুনুর রশিদ (৫৬)। এ ঘটনায় থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে আক্কেলপুর পৌর শহরের কলেজপাড়া মহল্লার নিজ বাসা থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শিক্ষকের নাম আজাদুর রহমান (৫৫)। তিনি আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রোয়াইড়-রাজকান্দা সড়কের রাজকান্দা মোড়ে ছুরিকাঘাতে আহত হন রুকিন্দীপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে তাৎক্ষণিকভাবে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার বিকেলে হারুনুর রশিদ তার স্ত্রী মোছা. শামীমা আক্তারের মাধ্যমে থানায় একটি লিখিত এজাহার দেন। পুলিশ এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেন। মামলায় প্রধান শিক্ষক আজাদুর রহমান, তার স্ত্রী সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শামীমা নাসরিন, তার বড় ভাই দুলাল হোসেন ও দারাজ উদ্দিন এবং চাচাতো ভাই গাজীউলকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

থানায় দেওয়া এজাহারে অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক আজাদুর রহমান ধারালো হাসুয়া দিয়ে হারুনুর রশিদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেন। এতে তার বাঁ হাতের বাহুতে জখম হয়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, ‎রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে এই বিরোধের সূত্রপাত। গত ২১ জুন হারুনুর রশিদ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আজাদুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পায়ের জুতা খুলে প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় প্রধান শিক্ষক থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। পরে তিনি আদালতে মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা হারুনুর রশিদসহ চারজনকে আসামি করা হয়।

‎থানায় সাংবাদিকদের প্রধান শিক্ষক আজাদুর রহমান বলেন, বিদ্যালয়ের কমিটি নিয়ে বিরোধের জেরে হারুনুর রশিদ আমাকে জুতাপেটা করেছিলেন। ওই ঘটনায় আদালতে মামলা করায় তিনি আমাকে চাকরি খাওয়ার হুমকি দিচ্ছিলেন। তাতে কাজ না হওয়ায় এখন সাজানো নাটক তৈরি করে আমাদের ফাঁসানো হয়েছে। সত্য অবশ্যই প্রকাশ পাবে।

‎আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, হারুনুর রশিদের করা মামলায় প্রধান শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের পাঠানো হয়েছে।

চম্পক কুমার/এসএইচএ