রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। তাদেরকে ঘটনার তদন্ত স্বার্থে জিজ্ঞাসা করা হবে বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা পোস্টকে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে গত কয়েক দিন ধরে আসামি সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি অফিসে আসতে বলা হয়েছিল। কিন্তু তারা বাসা থেকে অন্য কোথাও যাবেন না বলে জানান। আজ বিকেলে তদন্তের স্বার্থে আসামি সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
