ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সৌদি আরব প্রবাসী চয়ন মোল্লা (২৩) নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চয়ন মোল্লা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। গত ঈদুল আযহার ছুটিতে দেশে এসেছিলেন। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী একই গ্রামের দুই যুবক সিয়াম (২৩) ও নয়ন (২১) গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীকালে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলচালক চয়ন মোল্লা তার দুই আরোহী সিয়াম ও নয়নকে নিয়ে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার লস্করদিয়া থেকে শনিবার বিকেলে ভাঙ্গা গোল চত্বর ও আশপাশের এলাকা ঘুরতে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক চয়ন মোল্লা মারা যান। মোটরসাইকেলের অপর দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাদের অবস্থার অবনতি ঘটায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, অজ্ঞাত যে গাড়িটির চাপায় এ ঘটনা ঘটেছে, আমরা বাসটি সন্ধান করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জহির হোসেন/এসএইচএ
