টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা আব্দুর রহিম ভূইয়া (৫৫)। তিনি পেশায় একজন ভ্যানচালক। ছেলেকে টাকা দিতে দেরি হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার ( ৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়া নিজ ঘরে ভাত খেতে বসেন। এ সময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভূইয়া (২০) বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে সে এক পর্যায়ে ঘরে থাকা শীলপাথর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে পিতা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে কিছুদিন আগে বিয়ে করেছে। বিয়ের পর থেকে স্ত্রীকে অমানসিক নির্যাতন করে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন।
ইউপি সদস্য আব্দুল কদ্দুস বলেন, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, হত্যার পর ছেলে মোস্তফা ভূইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ভাইকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
আরিফুল ইসলাম/এসএইচএ
