মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফসলি জমি থেকে লাইলি বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতে ভুড়ি বের হয়ে ঘটনাস্থলে পড়ে আছে বলে জানিয়েছে স্থানীয়রা।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া এলাকায় কুদ্দুস মিয়ার জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন।
ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল উপস্থিত হয়ে মরদেহের আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী উদ্ধারকৃত মরদেহটি বরিশালের বানারি পাড়া উপজেলার মলুহাড় গ্রামের আব্দুর রবের মেয়ে লাইলি বেগম। তবে তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া এলাকায় কুদ্দুস মিয়ার ফসলি জমি থেকে ৬০ বছর বয়সী বৃদ্ধা লাইলি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মহিলার পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে এবং মহিলার ভুড়ি বের হয়ে ঘটনাস্থলে পড়ে আছে। মরদেহের পাশেই একটা স্টিলের চাকু পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্ত করা গেলেও তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
সাটুরিয়া থানা পুলিশ এবং মানিকগঞ্জ পিবিআই, ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মৃত লাইলি বেগমের কোনো স্বজন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাইফুল ইসলাম/এসএইচএ
