ভোলার মনপুরা উপজেলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাইদুর রহমানকে (৩০) বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
রোববার (৩০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি.এম.তানজীমুল ইসলাম।
গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে।
র্যাব জানায়, গত ২৫ জুন আসামি সাইদুর রহমান এক গৃহবধূকে (২৭) ধর্ষণ করে। পরবর্তীকালে ভিকটিম মনপুরা থানায় আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ঘটনার দিনই র্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন থেকে পলাতক মামলার প্রধান আসামি সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার স্থানীয় ইনুর বেগম নামে এক নারী কাজের কথা বলে ওই গৃহবধূকে তার ঘরে ডেকে নেয়। পরে তাকে ঘরে রেখে সে বাইরে গেলে সাইদুর রহমান ওই ঘরে এসে তাকে ধর্ষণ করে। পরে সে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে সাইদুর রহমানকে আটক করে। পরবর্তীতে মাইনুর বেগম এসে বিষয়টি মীমাংসার কথা বলে সাইদুর রহমানকে ছেড়ে দেয়।
এ ঘটনার তিনদিন পর মনপুরা থানায় মামলা করতে গেলে থানায় মামলা না নেওয়ায় ভুক্তভোগী নারী ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ জুলাই আদালত মনপুরা থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরে মনপুরা থানায় সাইদুর রহমান ও সহায়তাকারী মাইনুর বেগমকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মো.খাইরুল ইসলাম/এসএইচএ
