বিজ্ঞাপন

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় ৩ দিনের সফরে এসেছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মোচা সরফরাজ বান্দা, উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) যথাক্রমে প্রকৌশলী মো. আহসান হাবিব, প্রকৌশলী মো. মিজানুর রহমান, নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুজ্জামান ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র প্রমুখ।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের বাস্তব কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়।

মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকার নদীমাতৃক জনপদের সামাজিক অর্থনৈতিক অবস্থার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিকেল ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি রাত্রিযাপন করবেন। 

এরআগে ঢাকা থেকে বিমানযোগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন ডেইরি দুগ্ধ খামার পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, সফরের দ্বিতীয় দিন মার্কিন রাস্ট্রদূত সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টস্থ চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর দুপুর দেড়টার দিকে পঞ্চগড় সার্কিট হাউজে সুধী সমাবেশে মতবিনিময় সভা করবেন। সভা শেষে বিকেল ৩টার দিকে পঞ্চগড় রকস মিউজিয়াম (পাথরের জাদুঘর) ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করবেন। দ্বিতীয়দিনের শেষে রাত্রিযাপন করবেন ঠাকুরগাঁও ইএসডিও গেস্ট হাউজে। 

সফরের শেষ দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মার্কিন রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ, সকাল ১১টার দিকে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ এবং দুপুর ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করবেন। সেখান থেকে বিকেল ৩টা ২০ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত রেলপথে পার্বতীপুর থেকে প্রেসিডেন্ট সেলুন কোচ (বগি নম্বর ১২৬৫) করে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘরে পৌছাবেন ও পরিদর্শন করবেন। সেখানে থেকে তিনি সৈয়দপুরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন শেষ করে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন। 

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ