লক্ষ্মীপুরের রায়পুরে একটি বসতঘরে ঢুকে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণের গহনা চুরিরর ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া গহনা বিক্রির সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আটকরা হলো- ফাহাদ হোসেন (১৬) রায়পুরের দেবীপুর গ্রামের মৃত ফরিদ হোসেনের ছেলে ও সিফাত (১৭) একই এলাকার হারুন অর রশিদের ছেলে।
থানা পুলিশ জানায়, ১১ আগস্ট রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকায় শবনম ফেরদৌস চৌধুরীর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণের গহনা চুরি করে। পরদিন এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ফাহাদ ও সিফাতকে আটক করা হয়। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ও ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত স্বর্ণ ও নগদ অর্থের ঘটনায় জনৈক সুইটি আক্তার, খোকন সর্দার এবং সুমন বণিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, গ্রেপ্তার কিশোরদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণের গহনা উদ্ধার ও জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।
হাসান মাহমুদ শাকিল /এসএইচএ
