গাজীপুর সাফারি পার্কের কর্মীদের সঙ্গে দর্শনার্থীদের মারামারির ঘটনায় দর্শনার্থীদের পক্ষ থেকে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
তিনি বলেন, দর্শনার্থীদের পক্ষ থেকে দেওয়া অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়েছে। তবে এখনো আসামি গ্রেপ্তার করা যায়নি। মামলায় ছয়জনকে নামীয় আসামি করা হয়েছে, অজ্ঞাত হিসেবে ১৫/২০ জনের সম্পৃক্ততা পাওয়ার কথা বলা হয়েছে। মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসামিরা হলেন, চন্দন কুমার, মাসুদ রানা, ধনজয় ধনা, ফরহাদ, রবি ও শাহাদত। তারা সবাই গাজীপুর সাফারি পার্কের কর্মচারী।
একই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকেও শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক রহমান বলেন, বাসে ময়লা থাকাকে কেন্দ্র করে পার্কের এক কর্মচারীর সঙ্গে এক দর্শনার্থীর বাতবিতণ্ডা হয়। এ সময় দর্শনার্থীর এক সন্তান ওই কর্মচারীকে মারধর করেন। পরে তাদের পরিদর্শন শেষে পার্ক অফিসে নিয়ে বসতে চাইলে তারা ফের উত্তেজিত হয়ে হামলায় করেন। এতে পার্কের দুই কর্মচারী আহত হন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার দুপুরে গাজীপুর সাফারি পার্কের কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নারীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারীসহ ছয়জন আহত হন। এ ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী এক নারী দর্শনার্থী।
আশিকুর রহমান/এএমকে
