বিজ্ঞাপন

থানার সামনে আ.লীগের স্লোগান, ৩ নারীসহ গ্রেপ্তার ৫

থানার সামনে আ.লীগের স্লোগান, ৩ নারীসহ গ্রেপ্তার ৫

গাজীপুরের টঙ্গীতে থানার সামনে পুলিশের প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের স্লোগান দেওয়ায় তিন নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুর দুইটার দিকে টঙ্গী পূর্ব থানায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানিয়ে পুলিশ। এছাড়াও এ মামলায় আরও দুজন পলাতকসহ ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) এবং মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)।

পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল মতিনকে (৪৭) গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানোর জন্য থানার ভেতরে প্রিজনভ্যানে তোলার সময় কয়েকজন স্বজন ও সমর্থক থানার বাইরে থেকে স্লোগান দিতে শুরু করেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয় জননেত্রী শেখ হাসিনা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। পরে ঘটনাস্থল থেকে তিন নারী ও দুই পুরুষকে আটক করা হয়।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, থানার বাইরে একটি দোকানের সামনে থেকে স্লোগান দিতে দিতে থানার ভেতরে ঢুকে। পরে তিন নারী ও দুই পুরুষসহ পাঁচজনকে আটক করা হয়েছে। থানার আশপাশে এ ধরনের স্লোগান আইনসিদ্ধ নয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আশিকুর রহমান/এসএইচএ