উন্নত জীবনের আশায় এক বছর আগে সৌদি আরবে যান জাহাঙ্গীর মিয়া। শনিবার (২৯ আগস্ট) রাতে জেদ্দায় প্রয়োজনীয় জিনিস কিনতে যাওয়ার পথে কার রেসিংয়ের সময় একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৌদি আরব সময় রাত ১২টার দিকে জেদ্দা শহরের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েতপ্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে জাহাঙ্গীর মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুফা জায়েদুর রহমান সুমন।
তিনি বলেন, জাহাঙ্গীর এক বছর আগে উন্নত জীবনের আশায় সৌদি আরবে যান। তিনি জেদ্দা শহরে বসবাস করতেন এবং সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন।
তিনি আরও বলেন, শনিবার রাতে অফিস থেকে ফিরে বাসায় আসেন জাহাঙ্গীর। পরে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে সৌদি আরব সময় রাত ১২টার দিকে জেদ্দার একটি সড়কে কার রেসিং চলাকালে একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখে।
জায়েদুর রহমান সুমন আরও বলেন, জাহাঙ্গীর ১১ মাস বয়সী এক ছেলে সন্তানের জনক। তার স্ত্রী, তিন বোন ও এক ভাই রয়েছে। তার বাবা কুয়েতপ্রবাসী।
সাখাওয়াত সুমন/এএমকে
