নীলফামারীর সৈয়দপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপে মোটরসাইকেলের ধাক্কায় সাদবিন হোসেন (২৪) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মুজা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদবিন হোসেন সৈয়দপুর শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার সেলিম মিয়ার ছেলে ও নীলফামারী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাদবিন ও তার বন্ধু মোটরসাইকেলযোগে সৈয়দপুর বাইপাস সড়ক দিয়ে গোলাহাট হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময়ে মুজা মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ গাড়িতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক সাদবিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী ফুয়াদ হোসেন গুরুতর আহত হন। পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং আহত ফুয়াদকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
