বিজ্ঞাপন

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে গাজীপুরের কালীগঞ্জের এক তরুণ নিহত হয়েছেন। 

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আলিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল।

নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি ফুড ডেলিভারি রাইডার ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত জুন মাসে ভাগ্য পরিবর্তনের আশায় স্পেনে যান আলিফ। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর কাজের অনুমতির জন্য অপেক্ষা করছিলেন তিনি। অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে তার হাতে আসে ওয়ার্ক পারমিট। কাজের অনুমতি পাওয়ার পর নতুন করে ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন আলিফ।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে আলিফ লিখেছিলেন, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ এরপরই থেমে যায় তার জীবনের সবকিছু।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে স্পেনে ইউসুফ হাসান আলিফের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে এখনো বিষয়টি জানানো হয়নি। তারা সহযোগিতা চাইলে গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ঘটনাটি সত্য। আমরা জানতে পেরেছি, স্পেনে কালীগঞ্জের এক যুবক অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন।

আশিকুর রহমান/এমএমবি