সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির সংখ্যা ২ হাজার ৬৮৪ পিস। এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শান্তিগঞ্জ উপজেলাধীন শান্তিগঞ্জ এলাকার টেক্সটাইল ইনস্টিটিউট-এর পাশে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর একটি বিশেষ অভিযানিক দল টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি জব্দ করা হয়।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক বিজিডিও-৩২৩ মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশ নেন।
জব্দ করা শাড়িগুলোর সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩,৫৮,১৯,০০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। জব্দ করা ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
তামিম রায়হান/এসএইচএ
