গ্যাস সংকটে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহসহ আধুনিকায়নের মাধ্যমে সচল করা এবং এর পূর্বনাম আশুগঞ্জ জিয়া সার কারখানা নামকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আশুগঞ্জ উপজেলা বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামী এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১০ সালের পর থেকে একটি ব্যবসায়ী কুচক্রী মহল সার কারখানা বন্ধ রেখে সার আমদানিতে লিপ্ত হয়। এর কারণে দীর্ঘদিন বন্ধ থেকে সার কারখানাগুলো যান্ত্রিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের ১ মার্চ থেকে কারখানা বন্ধ থাকার ফলে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে এর নেতিবাচক প্রভাব পড়ে। আমরা চাই সরকার এই কারখানাগুলো আধুনিকায়নের মাধ্যমে সচল করুক।
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান, সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
পরে মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মো. জুয়েল রহমান/এসএইচএ
