বিজ্ঞাপন

খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়ি সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়ির দুর্গম সীমান্তে ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় চোরাচালানি মালামাল পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ডাইনচন্দ্রবাড়ী বিওপি থেকে আনুমানিক আড়াই কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ দূরে জানমারাটিলা ডাউন এলাকায় যায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে দিয়ে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে রাত আনুমানিক ৮টার দিকে বিজিবির টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়ি ভর্তি সাতটি বস্তা জব্দ করে।

বস্তাগুলো খুলে গণনা করে ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার রাজীব ভারতীয় শাড়ি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সীমান্ত দিয়ে গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। জব্দ করা মালামাল শুল্ক গুদামে জমা দেওয়া হবে। 

মোহাম্মদ শাহজাহান/এসএইচএ 

বিজ্ঞাপন