বিজ্ঞাপন

টাঙ্গাইলে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বিলের পানিতে ডুবে তাওহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাওহিদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। একপর্যায়ে তাওহিদ পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানিতে তাওহিদের জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা হয়।

পরে তাওহিদকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাত্র এক মাসের ব্যবধানে তাওহিদের বাবা আমিনুর মিয়া ও চাচা নজরুল ইসলাম প্রবাসে মারা যান। এরপর পরিবারের ছোট্ট সদস্য তাওহিদের এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরিফুল ইসলাম/এমএমবি