বিজ্ঞাপন

নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ মজুত সার জব্দ, জরিমানা ২০ হাজার

নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ মজুত সার জব্দ, জরিমানা ২০ হাজার

নীলফামারী সদরের কচুকাটা বাজারে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৭৪৮ বস্তা ও আরেক প্রতিষ্ঠান থেকে ৪৬ বস্তা সার জব্দ করা হয়। 

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কচুকাটা বাজারের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। এতে উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এবং থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কচুকাটা বাজারের ভাই ভাই ট্রেডার্স প্রতিষ্ঠানটির মালিক শহিদুল্লাহ ওরফে যাদু মিয়া অবৈধভাবে নিজ গুদামে সার মজুত করে কৃষকদের মাঝে বেশি দামে বিক্রি করছিলেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে ৫০০ বস্তা এমওপি, ১৯৩ বস্তা টিএসপি, ৩৭ বস্তা ডিএপি ও ১৮ বস্তা ইউরিয়া জব্দ করা হয়। এ সময়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে শাহজাহান ইসলামের মালিকানাধীন মেসার্স মাস্টার ট্রেডার্স থেকে ২২ বস্তা ইউরিয়া, ৫ বস্তা টিএসপি, ১২ বস্তা ডিএপি ও ৭ বস্তা এমওপি সার জব্দ করা হয় এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, জব্দ করা সার কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রি করা হবে। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। কৃষকদের স্বার্থে অবৈধ সার মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ