বিজ্ঞাপন

ঠাকুরগাঁও

চা পাতা তুললেন মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সূর্যপুরী আমগাছ দেখে

চা পাতা তুললেন মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সূর্যপুরী আমগাছ দেখে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে সমতলের চা-বাগান দেখে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। চা শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজ হাতে চা পাতাও তুলেছেন তিনি। পরে উপজেলার ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শন করে প্রশংসা করেন মার্কিন এই কূটনীতিক।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের গ্রিন ফিল্ড টি এস্টেটে যান ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার সঙ্গে স্ত্রী ও কয়েকজন সফরসঙ্গী ছিলেন।

বেলা আড়াইটার দিকে নাগর নদীর তীরঘেঁষা চা-বাগানে পৌঁছান তিনি। সেখানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং চা পাতা সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানতে চান। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে দাঁড়িয়ে নিজ হাতেও চা পাতা তোলেন রাষ্ট্রদূত। পরে বাগানের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ফটোসেশনে অংশ নেন।

মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সমতল এলাকায় চা-বাগান দেখার অভিজ্ঞতা তার এবারই প্রথম। এর আগে তিনি শুধু পাহাড়ি অঞ্চলের চা-বাগান দেখেছেন। চা শ্রমিকদের প্রতিদিন কঠোর পরিশ্রম করে পাতা সংগ্রহ করতে হয়। এ কাজের জন্য তাদের যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন।

ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আরও বলেন, চা-বাগানে না এলে সাদা, সবুজ ও কালো চায়ের পার্থক্য বোঝা তার জন্য সহজ হতো না। বাংলাদেশের উত্তরাঞ্চলের এই সফর তিনি উপভোগ করছেন বলেও জানান।

পরে তিনি বালিয়াডাঙ্গীর ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ দেখতে যান। বিশাল আকৃতির গাছটি ঘুরে দেখেন এবং এর ইতিহাস ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চান। গাছটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এরপর বালিয়াডাঙ্গী উপজেলার একমাত্র ভারী শিল্প চা কারখানাটিও পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।

গ্রিন ফিল্ড টি এস্টেটের স্বত্বাধিকারী ফয়জুল ইসলাম হিরু বলেন, রাষ্ট্রদূতের সফরটি ব্যক্তিগত হলেও বাগানে উৎপাদিত গ্রিন টি তার ভালো লেগেছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন।

রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়।

রেদওয়ান মিলন/এসএইচএ