বিজ্ঞাপন

গাইবান্ধায় যুবদল অফিসে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় যুবদল অফিসে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় বিএনপি অফিসে যুবদল কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়ে পোড়ানোর মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা আ.লীগের সহ সভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। রাত ১০টার দিকে শহরের ভিএইড রোড থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার রনজিত বকশি সূর্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা আ.লীগের সহ সভাপতি ও শহরের মাস্টার পাড়ার মৃত রবিন্দ্র বকশি ছেলে। এ ছাড়া, তিনি ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ছিলেন।

এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট আ.লীগের ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করে সদর থানায় এই মামলা করেন সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৭ জুলাই অনুমান বিকেল ৪টার দিকে অভিযুক্তরা হাতে লাঠি, লোহার রড, কুড়াল, শাবল, বড় বড় ধারালো ছুড়ি, বেকি, ককটেল ও পেট্রোলসহ মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মিছিল নিয়ে সার্কুলার রোডস্থ জেলা বিএনপি অফিসের সামনে আসেন। এ সময় আসামিরা জেলা বিএনপির অফিসের দক্ষিণ কোণে অবস্থিত জেলা যুবদল অফিসে ভাঙচুর চালান।

এজাহারে বলা হয়, ওই সময়ে এজাহারের ৮২ নম্বর আসামী শাহ শিল্পু যুবদল অফিস আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার হুকুম দিলে, হুকুম পাওয়া মাত্রই আসামিরা যুবদল অফিসে ককটেল নিক্ষেপ করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটান। এ সময় যুবদল অফিসের ভেতরে বসে থাকা কয়েকজন নেতাকর্মী আতঙ্কিত হয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন।

এ ছাড়া, তারা যুবদল অফিসের ভেতরে থাকা ৫০টি চেয়ার ও টেবিল ভাঙচুর করে পেট্রোল ভর্তি জেরিকেন থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন দাউ দাউ করে জ্বলে উঠে।

আসামিরা যুবদল অফিস থেকে ব্যানার, ফেস্টুন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি রাস্তায় এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তারা যুবদল অফিসের দরজা, জানালা ও সামনের বারান্দার রেলিং শাবল ও হাতুরি দিয়ে ভাঙচুর করেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বেনামি ও অন্যান্য অজ্ঞাত পরিচয় আসামিরা তাদের হাতে ছোড়া, বেকী, কুড়াল উঁচিয়ে যেখানেই যুবদলের নেতা-কর্মীদের পাবে, সেখানেই হত্যা ও গুম করার হুমকি দিয়ে চলে যান। এ ছাড়া, এসব ভাঙচুর ও আগুনের ঘটনায় আনুমানিক দশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঢাকা পোস্টকে বলেন, ২০২৪ সালের ১৮ আগস্টের বিএনপি অফিসের ভাঙচূর, অগ্নি-সংযোগ ও ককটেল বিস্ফোরণের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতে নেওয়া হবে।

মাসুম বিল্লাহ/এসএএস