বিজ্ঞাপন

গুদামে অবৈধভাবে ২০৯ বস্তা সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

গুদামে অবৈধভাবে ২০৯ বস্তা সার মজুত, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে অতিরিক্ত সার মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ধরনের ২০৯ বস্তা সার জব্দ করা হয়।

সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারের ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি, কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আজাহার আলী। তিনি শোভাগঞ্জ বাজারের ‘মেসার্স আজাহার আলী’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

ভ্রাম্যমাণ আদালত ও কৃষি অফিস সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষকদের কাছে চড়া দামে বিক্রির জন্য শোভাগঞ্জ বাজারের ‘মেসার্স আজাহার আলী’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে সার মজুত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ১০২ বস্তা ইউরিয়া ও ১০৭ বস্তা এমওপি সারসহ মোট ২০৯ বস্তা সার পাওয়া যায়। ফলে অতিরিক্ত সার মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আজহার আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে জব্দ করা ১০২ বস্তা ইউরিয়া ও ১০৭ বস্তা এমওপিসহ ২০৯ বস্তা সার কৃষি অফিসের জিম্মায় রয়েছে। জব্দ করা সারগুলো সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি ঢাকা পোস্টকে বলেন, প্রয়োজনীয় যেকোনো পণ্য অবৈধভাবে মজুত করা অপরাধ। অবৈধভাবে ২০৯ বস্তা সার মজুতের দায়ে শোভাগঞ্জ বাজারের ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

মাসুম বিল্লাহ/আরকে

বিজ্ঞাপন