খুলনার রূপসায় দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে ২১নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রিপন আকন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াড়া স্ট্যান্ডার্ড জুট মিলের ভেতর এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদল নেতা উপজেলার মিলকি দেয়াড়ার ইউসুফ আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আহত রিপন আকন ২১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি। পাশাপাশি তিনি খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি। রাতে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আত্মরক্ষায় তিনি স্থানীয় একটি জুট মিলের ভেতর অবস্থান করেন। দুর্বৃত্তরা তাকে সেখান থেকে খুঁজে বের করে হাতুড়ি দিয়ে আঘাত করে। তাদের আঘাতে জ্ঞান হরিয়ে ফেললে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সামগ্রিক তথ্য জানার চেষ্টা করছি। যারা ঘটনার সাথে জড়িত, তাদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
মোহাম্মদ মিলন/আরকে
