ঝিনাইদহের শৈলকুপায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামের ঈদগাহ এলাকায় গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কচুয়া গ্রামের আদিবাসী বাগদি সম্প্রদায়ের ৩০ জন যুবক ফুটবল খেলতে চুয়াডাঙ্গার সড়াবাড়িয়া গ্রামে যায়। খেলা শেষে মিনি ট্রাকে করে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ট্রাকে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে ১৯ জনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতে শাম শহীদ বলেন, আহতদের চিকিৎসা চলছে। গুরুতর আহতদের রেফার করা হবে কিনা পর্যবেক্ষণ শেষে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনার শিকার আহতরা চিকিৎসা নিয়েছেন। আহত ১৬ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি রাস্তার পাশে পড়ে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্রাট হোসেন/আরকে
