বিজ্ঞাপন

তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার নাম আছিয়া বেগম (৬০)। তিনি ওই এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে আছিয়া বেগম নিজ বাড়িতে একাই বসবাস করতেন। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য জেলা শহর সুনামগঞ্জে যাওয়ার পর থেকে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আছিয়া বেগমের। গতকাল সোমবার রাতে তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তালাবদ্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে আছিয়ার বসতঘরে থাকা খাটের ওপর কম্বল দিয়ে ঢাকা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহতের মেয়ে কল্পনা বেগম জানান, গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে মায়ের সঙ্গে কথা হয়নি তাদের। মোবাইলে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

নিহতের জামাতা দিলশাদ মিয়ার অভিযোগ, তার শাশুড়ির কাছে চিকিৎসার নগদ ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিল। কারো সঙ্গে শত্রুতা না থাকলেও কেবল ওই টাকার লোভে তাকে হত্যা করে ঘরের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে তাদের ধারণা।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘরটির একটিমাত্র প্রবেশদ্বার ছিল এবং সেটি বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তামিম রায়হান/আরকে

বিজ্ঞাপন