বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে ইউএনও কার্যালয়ে তালা, দুই চেয়ারম্যানকে বরখাস্ত

ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে ইউএনও কার্যালয়ে তালা, দুই চেয়ারম্যানকে বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে শুরু হওয়া বিরোধের জেরে দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইউএনওর বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও কসবা ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে একই নিয়োগ নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দিয়েছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাময়িক বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন নাচোল ইউপির সফিকুল ইসলাম ও কসবা ইউপির জাকারিয়া আল মেহরাব। তারা দুজনই স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত ২৪ আগস্ট প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং এরই মধ্যে এটি কার্যকর করা হয়েছে। আজকে জেলা প্রশাসকের কার্যলয় থেকে এ সংক্রান্ত নোটিশ জারি হবে।

কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া মেহরাব বলেন, নোটিশ পেয়েছি। ১০ কার্যদিবসের মধ্যে যথাযথ জবাব দেব।

নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, বর্তমানে নাচোল উপজেলা পরিষদের ইউএনও আওয়ামী লীগের দোসর। সে ফ্যামিলি কার্ডে নিয়োগের সময় আওয়ামী লীগের লোকজনকে নিয়োগ দিয়েছে। তাই আমরা এই প্রতিবাদ করেছি, কোনো অন্যায় করেনি। কিন্তু আজকে সকালে নোটিশ পেয়েছি। আমরা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১০ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও জাকারিয়া আল মেহরাব নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থি বক্তব্য প্রদান করেন। জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে স্থানীয় সরকারকে (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট বেলা ১১টার দিকে নাচোলে ফ্যামিলি কার্ডের আদমশুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে নাচোল উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক ভবনে তালা দেয় পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সময়  নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকা এবং যোগ্যদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগে তুলে ক্ষোভও প্রকাশ করেন তারা।

আশিক আলী/আরকে

বিজ্ঞাপন