চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯)। সহকর্মীরা জন্য তার বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট প্রস্তুত করেছিলেন। কিন্তু সেই আয়োজনের মাঠেই কফিনে করে নিজ কর্মস্থলে ফিরতে হলো তাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা মো. মাহবুবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তপন কুমার সাহা। তার মৃত্যুতে আমরা শোকাহত।
মৃত তপন কুমার সাহা হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর শহরের বসবাস করতেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) দুপুরে প্রধান শিক্ষক তপন কুমার সাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সহকর্মীরা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি তার জন্য ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু ভোরের দিকে তার মৃত্যুর খবর আসে। চাঁদপুর শহরের নিজ বাসভবনে রোববার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী তানজিলা আক্তার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্যারকে বিদায় ও ক্রেস্ট দেওয়ার জন্য আমরা দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু ভোরে ফোনে জানতে পারি, স্যার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাবেয়া আক্তার বলেন, ওই শিক্ষকের বিদায়ের অনুষ্ঠানে আমি অতিথি ছিলাম। গতকাল সোমবার তার ওই প্রতিষ্ঠানে শেষ কর্ম দিবস ছিল। এজন্য তার সহকর্মীরা তাকে বিদায় সংবর্ধনায় স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তাকে চিরবিদায় দিতে হলো। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা সবাই ভারাক্রান্ত।
আনোয়ারুল হক/আরকে
