গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিতকরেছেন।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া (২৭) ও চাঁদপাড়ার শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় দুই দিকে যাওয়া বেপরোয়া গতির মোটরসাইকেল দুটি নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাদের মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে তারা সড়কের ওপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরতর আহত হয়। পরে তাদের প্রথমে গোবিন্দগঞ্জ এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনেরই মৃত্যু হয়েছে।
মাসুম বিল্লাহ/আরএআর
