কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে চলন্ত অবস্থায় ৪৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার (৩১ আগস্ট) বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করছিলেন ওই নারী। অভিযোগ রয়েছে, চলন্ত ট্রেনের খাবারের ক্যান্টিনে তাকে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন।
একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা এগিয়ে আসেন। পরে তারা ওই নারীকে উদ্ধার করেন এবং ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় ওই ট্রেনে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যের নামও উল্লেখ করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন বলেন, ভুক্তভোগীর অভিযোগে ঘটনার সঙ্গে পুলিশ সদস্যও জড়িত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুল মোমিন/এসএইচএ
