বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে থানা পুলিশের ওসিসহ (তদন্ত) ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার  শ্রীনগর উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংসদ সদস্য শেখ আবদুল্লাহর সমর্থক ও কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুই পক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকেরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর সপুর সমর্থকেরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তও আঘাতপ্রাপ্ত হন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ‘দুই পক্ষই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচির আয়োজন করেছিল। মিছিল নিয়ে আসার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। এ সময় আমার মাথায় একটি ইটের টুকরায় আঘাতপ্রাপ্ত হয়েছি। তবে গুরুতর নয়।

তিনি আরও জানান, সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- এমপি গ্রুপের রনি ও অপর পক্ষের এক মেম্বার।

মিল্টন দত্ত আরও বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ বিষয়ে দলটির দায়িত্বশীল কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। 

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুইটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশের থানা টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় শ্রীনগর থানার ওসি তদন্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এখন। 

ব.ম শামীম/এসএইচএ