বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং পরে মিছিল চলাকালে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গলাচিপা পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গলাচিপায় দলটির বর্তমান উপজেলা কমিটি ও সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিকে ঘিরে সোমবার থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ পৃথকভাবে মিছিল বের করে। মিছিল দুটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি ও বটতলা এলাকায় কাছাকাছি অবস্থানে এলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের সতর্ক অবস্থানের কারণে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গলাচিপায় দলটির দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির স্থান ও আয়োজন নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে তা হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গড়ায়।
এ ঘটনায় গলাচিপার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির বলেন, কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না, তাহলে আমরাও কিন্তু কঠোর হব। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অল্প কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
সোহাইব মাকসুদ নুরনবী/এসএইচএ
