বিজ্ঞাপন

বিএনপিকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই ধ্বংস হয়ে গেছে : হুইপ দুলু

বিএনপিকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই ধ্বংস হয়ে গেছে : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিকে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র ও সংকট তৈরি করা হলেও দলটি নিশ্চিহ্ন হয়নি, বরং আরও সংগঠিত হয়েছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়্‌যন্ত্রকারীরা ভেবেছিল, তাকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং আরও সংগঠিত হয়েছে।

তিনি বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতা গ্রহণের পর তিনি কারাগারে যান। সে সময় এরশাদ বাংলাদেশের বিভিন্ন এমপি-মন্ত্রীকে জাতীয় পার্টিতে নিয়ে গিয়েছিলেন। ওই পরিস্থিতিতে খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের হয়ে রাজপথে আন্দোলনে নামেন। তারেক রহমান তখন শৈশব-কৈশোরে এবং আরাফাত রহমান কোকো ছিলেন শিশু।

হুইপ দুলু আরও বলেন, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়াকে জেলে পাঠানো এবং তারেক রহমানকে মামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করার পরও তারা ভেবেছিল বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু যতই সংকট আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যা, খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা এবং তারেক রহমানকে দেশের বাইরে পাঠানোর মাধ্যমে যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই ধ্বংস হয়ে গেছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

পরে আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপরশহর মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আশিকুর রহমান/এমএমবি

বিজ্ঞাপন