‘ঘুষ ডট সাইট’ ওয়েবসাইট তৈরি করে দেশজুড়ে আলোচনায় আসা ১৭ বছরের কিশোর শাহেদ শরীফ আহমেদের সঙ্গে বৈঠক করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সিটি প্রশাসকের নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শাহেদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তার উদ্যোগ পরিচালনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও শাহেদের সঙ্গে যোগাযোগ করা হয়।
বৈঠক শেষে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, জেনারেশন জেডের (জেন-জি) অনেক ছেলে-মেয়ে দেশ ও মানুষের জন্য কাজ করতে চায়। শাহেদের মধ্যে সেই স্পিড দেখেছি। ‘ঘুষ ডট সাইট’ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাব। এই উদ্যোগ অনৈতিক দাবির বিরুদ্ধে সচেতনতা তৈরি ও সমঅধিকারভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।
এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে শাহেদ শরীফ আহমেদ বলেন, ওয়েবসাইটে সংগৃহীত ডেটাবেজ বিশ্লেষণ করে দেশের কোন বিভাগে ঘুষের অভিযোগ বেশি, তা চিহ্নিত করতে তিনি সরকারকে সহযোগিতা করতে চান। তবে একা সবকিছু সামলাতে গিয়ে তার পড়াশোনায় ক্ষতি হচ্ছে বলেও জানান শাহেদ।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা বা স্বীকৃতি পেলে কাজের চাপ কমবে এবং পড়াশোনার পাশাপাশি এটি চালিয়ে নেওয়া সহজ হবে।
উল্লেখ্য, প্রয়াত শিক্ষিকা মায়ের পেনশনের টাকা তুলতে বিভিন্ন পর্যায়ে ঘুষ দাবির মুখে পড়েন শাহেদ। পাশাপাশি নিজের পাসপোর্ট করতেও তাকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এসব অভিজ্ঞতার প্রতিবাদ হিসেবে গত ২১ আগস্ট তিনি ‘ঘুষ ডট সাইট’ চালু করেন।
এ বিষয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দ্রুত শাহেদের মায়ের পেনশনের অনুলিপি ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার উদ্যোগ নেয়। একই সঙ্গে অনিয়মে জড়িত দুই কর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।
সাখাওয়াত সুমন/এমএমবি
