নীলফামারীর জলঢাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭৭৩ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালারপুকুর স্বপনবাজার ও টেংগনমারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এতে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো মিজানুর রহমান ও থানা পুলিশের সদস্যরা।
জানা যায়, কয়েকদিন ধরে বালারপুকুর স্বপনবাজারের মুশফিকুর রহমানের মালিকানাধীন মুয়াজ এন্টারপ্রাইজে অবৈধভাবে সার মজুত করে কৃষকদের মাঝে বেশি দামে বিক্রি করছিলেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪০৯ বস্তা এমওপি ও ৫৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। সেইসঙ্গে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে টেংগনমারী এলাকার মাহফুজ ট্রেডার্স থেকে ১৫০ বস্তা টিএসপি, ১২০ বস্তা এমওপি, ৩৫ বস্তা ডিএপি ও ৪ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয় এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, প্রতিষ্ঠান দুটি খুচরা সার বিক্রেতা। খুচরা বিক্রেতাদের এভাবে বিপুল পরিমাণ সার মজুত করার সুযোগ নেই। তারা অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির চেষ্টা করেছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপী ঢাকা পোস্টকে বলেন, দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে । সেখান থেকে মোট ৭৭৩ বস্তা সার জব্দ করা হয় এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শাহজাহান ইসলাম লেলিন/আরএআর
