বিজ্ঞাপন

‘অর্থনীতি পুনরুদ্ধার, রাষ্ট্র মেরামতই সরকারের বড় চ্যালেঞ্জ’

‘অর্থনীতি পুনরুদ্ধার, রাষ্ট্র মেরামতই সরকারের বড় চ্যালেঞ্জ’

সরকারের সামনে অর্থনীতি পুনরুদ্ধার, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বড় বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, নির্বাচনের পর আমরা অনেক উঁচুতে উঠে গেছি—এমনটা কেউ মনে করবেন না। মাঠপর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত থেকেই আমরা আমাদের কাজ করতে চাই।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সরকার নতুন এসেছে, সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ। বিদ্যুৎ ও তেলের সমস্যা থেকে শুরু করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা—সবই বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের অর্থনীতি এই পর্যায়ে এসেছে। দেশের অনেক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। বিচার ও আইনসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঠিক করে রাষ্ট্র মেরামত করা চারটি খানি কথা নয়।

তিনি আরও বলেন, দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তান আমল থেকেই দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হয়ে আসছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। পাশের দেশে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি।

দেশে উগ্র মৌলবাদের উত্থানের অভিযোগ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা এ দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকব। একটি বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের সঙ্গে একেবারেই মানানসই নয়। একটি দেশে নানা জাতি, নানা বর্ণের মানুষ থাকতে পারে। যারা এ দেশে বসবাস করবে, তারাই বাংলাদেশের মানুষ। আমরা সব ধর্মের মানুষ ভেদাভেদ ভুলে একই ছাতার নিচে থাকব।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের সময় আমরা যে কথা দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমাদের জাতীয় প্রতিশ্রুতির পাশাপাশি স্থানীয় প্রতিশ্রুতিও ছিল। এর মধ্যে অন্যতম ছিল পদ্মা ব্যারেজ।

পদ্মা ব্যারেজের বিষয়ে তিনি বলেন, আমি আপনাদের সুখবর দিতে চাই—আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে পদ্মা ব্যারেজের কাজ শুরু করে দিয়েছেন। গত এক সপ্তাহ আগে পদ্মা ব্যারেজ প্রকল্পে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ হয়েছে। এখন এই ব্যারেজের কার্যক্রম চলছে।

দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু হবে কি না, তা নিয়ে আমরা সংশয়ে ছিলাম। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বারবার দেখা করেছি এবং বিষয়টি জানিয়েছি। আনন্দের সংবাদ হলো, পদ্মা সেতুও হতে যাচ্ছে। এই দুটি বড় কাজ রাজবাড়ীতে হতে যাচ্ছে। এগুলো বাস্তবায়িত হলে রাজবাড়ী জেলার চিত্র পাল্টে যাবে।

এছাড়াও রাজবাড়ীতে দেশের সবচেয়ে বড় রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ করা হবে বলে জানান তিনি।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলসহ অন্যরা বক্তব্য রাখেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ