নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১৬ টি নৌকা ও চারটি ইঞ্জিন ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুজ্জামান, এতে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ৫১ বিজিবি রংপুরের মেজর জুলকার নাঈন ও ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনা করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। খুব শিগগিরই তদন্ত ও অনুসন্ধানের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।।
তিনি আরও বলেন, নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন অত্যন্ত কঠোর হস্তে দমন করা হবে। আজকে অভিযান পরিচালনা করে ১৬টি নৌকা ও চারটি ইঞ্জিন ধ্বংস করা হয়।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
