বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবান-১ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে সফরে আসায় তাকে বরণ করতে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সড়কের দুই পাশে অবস্থান নেন। এ সময় তারা ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এসময় অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে যোগ দেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবানের ৭টি উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। স্লোগানে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব চত্বর।
দীর্ঘদিন পর একজন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর সাচিং প্রু জেরীর প্রথম বান্দরবান সফরকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
আহসানুল আলম রুমু/এমএমবি
