অনেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, কিন্তু যদি বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করা হয়, তবে জিয়া পরিবারই সবচেয়ে নির্যাতিত পরিবার—এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমদ সোহেল মনজুর সুমন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাউখালী উপজেলা পরিষদের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের ম্যাডাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। একইভাবে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও অনেক নির্যাতনের শিকার। দল করতে গেলে, সংগঠন করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন—শৃঙ্খলা, শৃঙ্খলা, শৃঙ্খলা। আমাদের নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলার অভাব আছে। আমরা দুই দিন জিন্দাবাদ দিয়ে বড় নেতা হতে চাই। আমাদের সবাইকে একত্র হয়ে অতীতের ভুলত্রুটি ভুলে গিয়ে দলকে শক্তিশালী করতে হবে।
এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে শপথ নেন। শপথে বলা হয়, কাউখালী উপজেলা তথা পিরোজপুর জেলায় কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত না হওয়া, জেলাকে মাদকমুক্ত করা, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত না হওয়া, নারীদের যথাযথ সম্মান দেওয়া এবং সব ধরনের খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখার পাশাপাশি দলের সুনাম বৃদ্ধিতে কাজ করা হবে।
এর আগে একই দিন কাউখালীতে প্রতিমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপজেলার ৩৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে সহায়তা হিসেবে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক ও ঢেউটিন বিতরণ করেন তিনি। এছাড়া বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ করেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি কাউখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিমন্ত্রী পিরোজপুরের স্বরূপকাঠির উদ্দেশে রওনা হন।
এ সময় কাউখালী উপজেলা বিএনপি এবং অগ্রসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাদী মো. হিমেল/এসএইচএ
