মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ৩ দিনের সরকারি সফরে আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) নিজ সংসদীয় আসন ভোলা-১ যাচ্ছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. এ কে এম তাজকির-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর সফরসূচি ঘোষণা করেন।
সফরসূচি অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করে এদিন বেলা ১১টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তথ্যমন্ত্রী ভোলা প্রেসক্লাব পরিদর্শন করবেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বিকেলে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
সফরের শেষ দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা জেলা বিজেপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে সার্কিট হাউসে সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তিনি।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
মো.খাইরুল ইসলাম/এমএমবি
