বরগুনার পাথরঘাটা উপজেলায় কথা-কাটাকাটির জের ধরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. আল আমিন (৩৬) নিহত ওই নারীর সম্পর্কে দেবরের ছেলে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
নিহত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে ও মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। এবং অভিযুক্ত আল আমিন একই এলাকার আ. সালাম মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আল আমিনের ছোটো ভাইয়ের সঙ্গে যে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে চাচি পিয়ারা বেগম ঘটনাস্থলে আসেন। এ সময় হঠাৎ অভিযুক্ত আল আমিন উত্তেজিত অবস্থায় পিয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পিয়ারা বেগমকে পরিবারের অন্য সদস্যরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম ঢাকা পোস্টকে বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনরা ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা করেছেন। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে এ ঘটনায় অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।
মো. আব্দুল আলীম/এসএইচএ
