বিজ্ঞাপন

ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রতিশ্রুতি জহির উদ্দিন স্বপনের

ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রতিশ্রুতি জহির উদ্দিন স্বপনের

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুত পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সাংসদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি

“সর্বশক্তিমানের ওপর আস্থা রেখে আমরা বলতে পারি, দুর্ভিক্ষের বাংলাদেশে সেদিন জিয়াউর রহমান যেভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, তেমনি বিদ্যুৎবিহীন বাংলাদেশে, জ্বালানি সংকটের বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করে ছাড়বো।”

“এই কাজ করার জন্য জিয়াউর রহমানের মতো দূরদর্শিতা, কৌশল ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সুসম্পর্ক দরকার পড়বে। ইতিমধ্যে চীনে মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন, সফরসঙ্গী হিসেবে আমিও সঙ্গে ছিলাম। সেদিন প্রমাণ করেছিলেন, বিশ্বের যত বড় বড় শক্তি রয়েছে তারা সকলেই আমাদের, সরকারের, তারেক রহমানের ও বাংলাদেশের পাশে আছেন। আমরা এই মিত্রদের সহযোগিতা নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।”

এম. জহির উদ্দিন স্বপন বলেন, “দেশের জনগণ যে কারণে আমাদের ভোট দিয়েছে, সেই কারণেই তারা কঠিন দুর্গম কাজ সমাধান করার জন্য আমাদের পাশে থাকবে। এই সমস্যা তৈরি করেছে পলাতক, পরাজিত ফ্যাসিবাদ। দেশের সমস্ত অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে। বৈদেশিক মুদ্রাকে তারা বিদেশে পাচার করেছে। দেশের মাটির নিচে খনিজ সম্পদ উত্তোলন না করে তারা আমদানি নির্ভর জ্বালানি নীতি রেখে গেছে। এক দিকে বৈদেশিক মুদ্রা লুটপাট করেছে, অন্যদিকে আমদানি নির্ভর জ্বালানি নীতি তৈরি করেছে। এর ওপর আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এরকম একটি সমস্যার মধ্যে যখন বাংলাদেশে লোডশেডিং হয়।”

“তখন ৪ হাজার মেগাওয়াট লোডশেডিং আমাদেরকে মোকাবিলা করতে হয়। তখন মানুষের যে অভিযোগ, কান্না ও দুশ্চিন্তা, তার দায়িত্ব তাদেরকেই (ফ্যাসিবাদকেই) নিতে হবে।  যারা এই অপকর্ম করে গিয়েছেন।”

“আমরা শুধু তাদেরকে দায়িত্ব দিয়ে ক্ষান্ত হতে চাই না। যেহেতু বাংলাদেশের মানুষ তারেক রহমানের ওপর আস্থা রেখেছে, সেহেতু এই সমস্যার সমাধান আমাদের করতে হবে। এই সমস্যা সমাধান যত কঠিন হোক, যত দুর্গম হোক, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বের প্রতি যেহেতু বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে, ফলে এই সমস্যার সমাধান আমাদেরই করতে হবে।”

“এই সমস্যা সৃষ্টিকারীদের জনগণ তাড়িয়ে দিয়েছে। সেই কারণেই জনগণ আমাদের সময় দেবেন সমস্ত সঠিক পরিকল্পনা গ্রহণের জন্য।”

তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান  ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কোটি কোটি মানুষের ভালোবাসার যে ঢল নেমেছিল, সেই পথ ধরেই স্বৈরাচার ও ফ্যাসিবাদকে উৎখাত করে আজকের দিনে জনগণ আবার ধানের শীষ ও বিএনপির ওপর আস্থা রেখেছে।”

তিনি আরও বলেন, “দেশ গড়ার এই কঠিন যাত্রায় আমাদের সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ঐক্যের দিকে। নিজেদের মধ্যে কোনো কোন্দল বা বিশৃঙ্খলা রাখা যাবে না। তুচ্ছ বিষয় নিয়ে পড়ে না থেকে আমাদের মূল নজর রাখতে হবে দেশ ও জাতির স্বপ্ন বাস্তবায়নের দিকে।”

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন,  “আমার কাছে রাজনীতি কোনো পদ-পদবির মোহ নয়। রাজনীতি হলো জনগণের সেবা ও পরম এবাদত। আমার জীবনে কোনো দ্বিচরিত্র বা দুটি মুখ ছিল না, একটিই মুখ-যা সবসময় সততা ও সত্যের কথা বলেছে।”

এসময় গৌরনদী উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরিফ হোসেন/এসএমডব্লিউ

বিজ্ঞাপন