বিজ্ঞাপন

মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে হাঁস-মুরগি

মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে হাঁস-মুরগি

সাতক্ষীরার শ্যামনগর একটি মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। বাড়ির মালিকের দাবি, রাতে ঘরে ঢুকে অজগরটি ৬টি হাঁস-মুরগি খেয়ে ফেলেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সুন্দরবনসংলগ্ন নীলডুমুর এলাকার মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। সাপটির ওজন আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে অজগরটি মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। রাতের কোনো একসময় ঘরে থাকা হাঁস-মুরগির ওপর আক্রমণ করে সাপটি। বাড়ির মালিকের দাবি, অজগরটি ৬টি হাঁস-মুরগি খেয়ে ফেলে। সকালে মুরগির ঘর থেকে হাঁস-মুরগি বের না হওয়ায় বিষয়টি নজরে আসে মুক্তার গাজীর। পরে টর্চ জ্বালিয়ে ঘরের ভেতরে তাকালে তিনি বড় আকৃতির অজগরটি দেখতে পান। 

মুক্তার গাজী বলেন, রাতে আমার মুরগির ঘরে অজগরটি ঢুকে পড়ে। সকালে দেখি মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে টর্চ লাইট জ্বালিয়ে ঘরের ভেতরে তাকিয়ে দেখি বিশাল বড় একটি অজগর। বিষয়টি সঙ্গে সঙ্গে বন বিভাগ ও সিপিজির সদস্যদের জানাই।

খবর পেয়ে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি বনের ভেতরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, নীলডুমুর এলাকার একটি মুরগির ঘর থেকে বড় আকৃতির অজগরটি উদ্ধার করা হয়েছে। এর দৈর্ঘ্য আনুমানিক ৮ থেকে ১০ ফুট এবং ওজন ২৫ থেকে ৩০ কেজি। উদ্ধারের পর অজগরটিকে সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা বলেন, লোকালয়ে এ ধরনের বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে সেটিকে ধরতে বা মারতে চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে।

এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে সেটিকে ধরতে বা মারতে না গিয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

ইব্রাহিম খলিল/এমএমবি 

বিজ্ঞাপন