সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমাল সরকারকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার পথে এমপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। পরে গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ১৭ আগস্ট মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তারা সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
মো. নাজমুল হাসান/এএমকে
