কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ করার আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কৃষকরা সোনাহাট বাজারে ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে জানতে পারে আজ সার বিতরণ করা হবে না। এতে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ঘটনাস্থলে এসে সার দেওয়ার প্রতিশ্রুতি দিলে কৃষকেরা অবরোধ তুলে নেয়। পরে পুলিশ, বিজিবি ও আনসারের উপস্থিতে সার বিতরণ শুরু হলেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগ সুষ্ঠুভাবে তারা পরিমাণ মতো সার পাচ্ছেন না।
কৃষক নওশাদ আলী, আব্দুল জলিল, আসাদুলসহ অনেকেই অভিযোগ করে বলেন, আমরা ঠিক মতো সার পাই না। কয়েক ঘণ্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি সার দিচ্ছে না। সার না পেলে আবাদ করবে কিভাবে। সার জমিতে না দিতে পারলে আবাদ নষ্ট হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, আমি জানতে পারি কৃষকরা লাইনে দাঁড়িয়ে সার নিতে ঝমেলা করছিল পরে সেখানে গিয়ে কৃষকদের কথা বলে সুষ্ঠুভাবে সার বিতরণ হবে বলে আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।
মমিনুল ইসলাম/আরকে
