নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল হক ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতেই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকির আমবাগানের পশ্চিম পাশে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হয় তার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের।
খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে রুবেল এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মনিরুল ইসলাম শামীম/এএমকে
