বিজ্ঞাপন

রাঙামাটিতে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জন আটক

রাঙামাটিতে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জন আটক

‎রাঙামাটির লংগদুতে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বরজিৎ দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাঙামাটির রিজার্ভ বাজার থেকে স্পিডবোটযোগে ১২ জনের একটি দল লংগদুর উদ্দেশে রওনা হয়। পরে তারা মাইনীমুখ বাজারে এসে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ৯ জনকে আটক করা হয়। এ সময় তিনজন ঘটনাস্থল থেকে চলে যেতে সক্ষম হন।

‎আটক ব্যক্তিরা হলেন, মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন ও তহুরা।

‎‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিরা নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন এবং নিজেদের রোহিঙ্গা হিসেবে দাবি করেছেন। তারা কী উদ্দেশে লংগদুতে এসেছিলেন এবং তাদের সঙ্গে থাকা অন্য তিনজনের পরিচয় কী এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।‎

‎মোস্তফা কামাল রাজু/এএমকে

বিজ্ঞাপন